সিলেট প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান,সানগ্লাসসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী আটক করা হয়।
এছাড়াও অভিযানে গরু, শুটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ ও সুপারি জব্দ করা হয়।আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply