সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ২৪১ বোতল বিদেশি মদসহ মোঃ কাউছার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ কাউছার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুদপুর এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে র্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের সলুকাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।পরে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান,তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদসহ তাঁকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply