মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়।শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।
পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বস্তাভর্তি ধানের তুষের মধ্যে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে।এছাড়া ট্রাকের বস্তার ভেতর থেকে সিম কার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়।পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি।
অন্যদিকে, একই দিনে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচামরিচ জব্দ করে, যার আনুমানিক সিজারমূল্য ৫ হাজার ৬০০ টাকা।
জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে আনা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply