স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের লাখাইয়ে দোকান বাকির পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দোকানদার জালাল মিয়া দাবি করেন, রসম আলীর কাছে তার ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে ক্রেতা রসম আলী বলেন, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।
এ বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন।আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply