চুনারুঘাট প্রতিনিধি: পাথর ও বালু বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরাসহ নানা ধরণের পণ্য।গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
অভিযানকালে পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হয়।পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রীম-লোশন, জিরাসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট উদ্ধার করা হয়।আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করছে বিজিবি।
তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে ৩৭ জনকে।
Leave a Reply