মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।জব্দ করা পণ্যের সিজার মূল্য আনুমানিক ১৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবির) একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে তল্লাশি চৌকি স্থাপন করে।পরে সকাল ৯টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে আসলে একটি ডিআই পিকআপকে থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে দেখা যায়, পিকআপের গো-খাদ্যের বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ভারতীয় জিরা।মালিকবিহীন অবস্থায় পণ্যসহ গাড়িটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দ করা জিরা ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply