গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ক্লিনিকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯ জানায়, চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট সদর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তোয়াকুল বাজারে অবস্থিত ‘মায়ের হাসি ক্লিনিক’-এর পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় ১ হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এসব আলামত নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জিডি মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply