সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৫৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. বিল্লাল মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. বিল্লাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গদিশাল গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় সদর থানাধীন ওয়েজখালী বাজার এলাকার একটি সিএনজি কনভার্সন ও ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে নেমে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তিনি গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে প্রাইভেটকারটির পেছনের ডালার ভেতর তল্লাশি চালিয়ে ১২টি পোটলায় মোড়ানো মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় প্রাইভেটকারসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে,তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply