স্টাফ রিপোর্টার।। পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও নৈতিক সাংবাদিকতা—এই তিন মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের টাউন কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই সভা সিলেট অঞ্চলে পরিবেশ , মানবাধিকার উন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা শক্তিশালী করার ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশাহিদ আলী আশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল সদস্যরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সিলেটের নদী, পাহাড়, বন ও জলাভূমি আজ অবৈধ দখল, বালু উত্তোলন, বন উজাড়, পাহাড় কাটা ও দূষণের কারণে মারাত্মক সংকটের মুখে। পরিবেশ ধ্বংস হলে মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে—এ কথা উল্লেখ করে তারা পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও বন রক্ষায় গণসচেতনতা কর্মসূচি, পরিবেশ জরিপ, প্রশাসনের সঙ্গে সমন্বয় ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ কার্যক্রম আরও বেগবান করা হবে।
বক্তারা আরও বলেন, মানবাধিকারের মূল চেতনা হলো মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। বর্তমান সমাজে নারী-শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, ভূমি বিরোধ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় পাশে দাঁড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়—মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই, আইনি সহায়তার পথ নির্দেশনা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় বক্তারা দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ভুয়া তথ্য ও যাচাইবিহীন সংবাদ প্রচারের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি ও নৈতিক মানদণ্ড রক্ষায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
সংগঠন থেকে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, মাঠ রিপোর্টিং পর্যবেক্ষণ, সংবাদ যাচাইকরণ পদ্ধতি এবং নৈতিক সাংবাদিকতা বিষয়ক কার্যক্রম চালু থাকবে।
সভায় দায়িত্বশীল সদস্যরা সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান। তারা পরিবেশ রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক উদ্যোগ বৃদ্ধি, তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলা এবং তরুণ সাংবাদিকদের সম্পৃক্ত করার প্রস্তাব তুলে ধরেন।
সভাপতি আশাহিদ আলী আশা বলেন, “পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক সাংবাদিকতা—এই তিন জায়গায় আমরা আপসহীন। সত্য প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতেই আমাদের অগ্রযাত্রা। আমাদের কলম অন্যায়ের প্রতিরোধে অবিরাম চলবে।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের নদী, পাহাড়, বন ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করা এবং ভুক্তভোগীদের কথা সমাজের সামনে তুলে ধরা—এটাই সাংবাদিকদের প্রকৃত দায়িত্ব।
সভায় উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. জিয়াউল ইসলাম, যুগ্ম সিনিয়র সভাপতি মো. আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদ উদ্দীন, সহ-সভাপতি মো. আলেক আহমদ, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ,
সহ-সভাপতি মো. আবু তালেব, সহ সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, কার্যকরী সদস্য মো. আশরাফুল আলম আজাদ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আজিজুন নাহার রেবা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমদ, সহকারী তথ্য সম্পাদক মো. আমিনুল হক, মানবাধিকার সম্পাদক মো. মোস্তফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বদরুল আলম, সদস্য জুনেদ আহমদ, যুগ্ম দপ্তর সম্পাদক মাওলানা আবদুল জলিল প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগের জেলা-উপজেলার সাংবাদিক ও মৌলভীবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply