হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস,ঔষধ, গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া রোডে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মিনি ট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামার সংকেতে রুখে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স যেমন ক্লোপজি ক্রিম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রিম এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়।জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ টাকার বেশি।
এছাড়া একইদিন বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদ আসে।এ সংক্রান্ত টহল চলাকালে বিজিবির টহলদল চোরাকারবারিদের ধাওয়ায় ১টি ভারতীয় গরু, ১টি ওয়াকিটকি সেট ও ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
দুই অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য মূল্য ১ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে এই অভিযান সফল হয়েছে।জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply