জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মনির হোসেন ঢাকার জেলার ডেমরা থানার এলাকার তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারী) রাত পৌনে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় সিলেট–তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।এ সময় পর্যটকবাহী তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট, কসমেটিকস,হেয়ার অয়েল, মেহেদী ও মসলাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply