জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে চিকনাগুল ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ারগান ও ১০০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারী) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে র্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জৈন্তাপুর থানাধীন উমনপুর এলাকার একটি বাড়ির আশপাশ এবং পার্শ্ববর্তী একটি উঁচু পাহাড়ে অবৈধ এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে যৌথ আভিযানিক দল উমনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে একটি বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকার একটি উঁচু পাহাড়ে অভিযান চালিয়ে পাহাড়ের ঢালের নিচে ঝোপঝাড়ের ভেতর থেকে আরও একটি এয়ারগান এবং একটি প্লাস্টিকের প্যাকেটে রাখা ১০০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল বা আশপাশের এলাকায় পাওয়া যায়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত দুইটি এয়ারগান ও ১০০ রাউন্ড গুলি জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply