হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার (২৮ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহন করা ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
এছাড়াও একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবির টহল দল। ট্রাকটির ভেতরে গো-খাদ্য ও বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় লুকিয়ে রাখা ভারতীয় বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে,জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান,জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply