চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯-এর অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে চুনারুঘাটের দেওয়াহাটা ইউনিয়নের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সায়েরা বেগম (৩৭), সাহিদা খাতুন (৪৫), আনিকুল ইসলাম (২০) ও ওয়াসকুরুনী (২৫)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
র্যাব-৯ সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন ৭ নম্বর দেওয়াহাটা ইউনিয়নের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।এ সময় হাবিব কাউন্টার-এর উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন নারী ও পুরুষকে নজরদারিতে নেয় র্যাব।দুপুর আনুমানিক ৩টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চারজন পালানোর চেষ্টা করে।পরে তাদের আটক করা হয়।তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি স্কুল ব্যাগ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়,তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাঁদের ও উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply