জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা,কম্বল ও মেহেদীসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাক্যাম্প সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প–২৭ বীর ইউনিটের একটি দল চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজন যাত্রীবাহী দুটি হাইয়েস গাড়িতে তল্লাশি চালায়।এ সময় ঢাকা মেট্রো-চ ১৫০৩৪৭ ও ঢাকা মেট্রো-চ ২০৫৩৩৫ নম্বরের গাড়িগুলো থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৫৫ কেজি জিরা, ৪টি কম্বল এবং ৪৮ প্যাকেট মেহেদী।এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৭৬০ টাকা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- দুই হাইয়েস গাড়ির চালক রফিকুল ইসলাম ও লিটন মিয়া।তাদের উভয়ের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়।
সেনাক্যাম্প সূত্র আরও জানায়, আটককৃত অবৈধ দ্রব্যসামগ্রী, গাড়ি ও গাড়ির চালকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
Leave a Reply