স্টাফ রিপোর্টার ৷৷ হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাওরা কান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ বিরোধকে কেন্দ্র করে ২০ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতরা হলেন- আরজু মিয়া (৬০), শামসুল হক (৪০), মহিবুর মিয়া (২৫), আরমান (৪৫), ফজল হক (৬০), খেলু মিয়া (৩৫), নুরুল হক (৬০), আক্কাছ মিয়া (৪০), ছাবুু মিয়া (৩০), হুমায়ূন (১৮), ফরস মিয়া (২৫), আব্দুর রউফ (৩৫), তৌহিদুল (২০), শিপন (৩০), রুপ মিয়া (৩০), আব্দুল মালেক মিয়া (৫৫), রুহুল আমিন (৩২) জেসমিন (২১), তানভীর (২৫), শামসুল (৩৫) ও নাজমুল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘মসজিদের হিসাব নিয়ে দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে’।
Leave a Reply