সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরা ও একটি হাইএক্স মাইক্রোবাস গাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-ঢাকা জেলার সাভার থানার বক্তারপুর এলাকার মৃত ছবেদ আলীর ছেলে মোঃ আলী হোসেন প্রকাশ করিম (৪৮) ও ফরিদপুর জেলার চরভদ্রাসান থানার চর হাজিগঞ্জ এলাকার মৃত আলেপ ব্যাপারীর ছেলে মোঃ আল-আমিন ব্যাপারী (৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন অ্যাভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিলভার রঙের হাইএক্স গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।পরে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।
তল্লাশিকালে হাইএক্স গাড়িটির পেছনের সিটে থাকা ২৭টি পলিথিন ব্যাগ থেকে মোট ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply