ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান যে গত শনিবার সকালেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ক্রমশ উন্নতির দিকে রয়েছেন বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ রাজনীতিক গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বিস্তারিত কিছু জানাতে পারেননি। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শনিবার থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী। নিউমোনিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা উন্নতির দিকে থাকায় উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমীর খসরু। নতুন সরকারের অর্থনৈতিক সংস্কার ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি অন্যতম প্রধান কারিগর হিসেবে কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীর অসুস্থতার খবর নিশ্চিত করা হলেও নির্দিষ্ট রোগ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Leave a Reply