মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় অভিযান চালায়।এসময় সন্দেহভাজন একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটিকে থামান।
পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকানো রয়েছে।পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে,জব্দকৃত ভারতীয় কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply