সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামালসহ সাদিকুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাদিকুর রহমান সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার খুরশেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগার এর প্রবেশ মুখের পাঁকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান গাড়ি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় কাভার্ড ভ্যান থেকে ১১ বস্তা ভারতীয় শাড়ী,১৪ বস্তা ভারতীয় ক্লোপ জি ক্রীম, ৮৮টি শিশুদের চশমা ও ৬০ প্যাকেট সুপার বেবী আইওয়ার চশমা এবং ৩০ প্যাকেট শিশুদের টনি বেবি চশমা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা।একই সঙ্গে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply