স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ছানু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ এলাকার নগরকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ছানু মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ব্যতীত বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমি থেকে এক্সেভেটর ব্যবহার করে মাটি উত্তোলন করছিলেন ছানু মিয়া। বিষয়টি জানতে পেরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রুহুল আমিন। এ বিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply