স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় খোয়াই নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গভীর রাতে শহরতলীর রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় দুর্বৃত্তরা খোয়াই নদী থেকে মাটি তুলে ১০টি ড্রাম ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো আটক করে।
এসময় রিচি গ্রামের মাটি উত্তোলনকারী মিজান নামে এক ব্যক্তি আটক ট্রাক ছাড়িয়ে নিতে জোর প্রচেষ্টা চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে মিজান সটকে পড়েন স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের বেলা নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
ড্রাম ট্রাকগুলো আটক হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখনো পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Leave a Reply