স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে বৈদ্যুতিক বাতি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আকমল হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আকমল হোসেন ওই গ্রামের মওলুদ হোসেন মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আকমল নিজ ঘরের বৈদ্যুতিক বাতি মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত সুইচবোর্ডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পিতাকে হারিয়ে অবুঝ দুই সন্তান নির্বাক, স্ত্রীও হয়ে পড়েছেন অসহায়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।
ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply