হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানী ভারতীয় চারটি গরুসহ মোহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পাচার করা হবে।
সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপি’র একটি বিশেষ টহলদল রাজঘাট ভাঙ্গা ব্রিজ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে টহলদল অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরুসহ মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও সীমান্ত এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।আটককৃত ভারতীয় চোরাই গরু ও আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply