কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষিকা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষিকার নাম ফাতিমা বেগম।তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।পথিমধ্যে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালিক আহমদ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সালিক আহমদকে পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply