হবিগঞ্জের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সারোয়ার আলম খান বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সারোয়ার আলম খান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের বাসিন্দা। তিনি বিএনপি নেতা মরহুম হাজী মাহাতাব উদ্দিন খান ও মোছা. হাজেরা খাতুনের ছেলে।
শিক্ষাজীবনে মেধাবী সারোয়ার আলম খান অল্প বয়স থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি, বৃন্দাবন সরকারি কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি এবং আশা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন।
২০১৭ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যোগ দেন।
রাজনৈতিক জীবনে সারোয়ার আলম খান হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
তার পিতা মরহুম হাজী মাহাতাব উদ্দিন খান মন্দরী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে সারোয়ার আলম খান সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply