স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্তে খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সীমান্তের বাংলাদেশ অংশে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) দূর্গা কুমার জানান, লোভাছড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলেন জামাল উদ্দিন। সন্ধ্যায় আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
রাত ১১টার দিকে লোভাছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময় ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশের অংশে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সীমান্ত এলাকায় প্রায়ই খাসিয়া সম্প্রদায়ের ছোড়া গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা
Leave a Reply