বাহুবল প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম (৪২) ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)।আশরাফুলের বাড়ি সিলেটের শাহপরান এলাকায় এবং লিটন গাজী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বিভিন্ন পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ ঢাকা–সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশরাফুল মারা যান।গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা লিটন গাজীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, মরদেহ থানায় রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply