স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জে পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে মামলা করায় চার বছর ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন মোঃ শাহিন আলী (২৮)। তিনি আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের চেরাগ আলীর ছেলে। লিখিত অভিযোগে জানা যায়, চাচা পীরআলী এবং চাচাতো ভাই সাইদ আলী, ইব্রাহীম আলী, সাকিব আলী, সামি আলী, রবিউল আলীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দীর্ঘ ১৫ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ সংক্রান্ত দেওয়ানী মামলা নং ৪৭৭/২১, এলএসটি মামলা নং ২৫৭৪/১৭ এবং পিটিশন মামলা নং ১১০৩/২২ আদালতে চলমান রয়েছে। মোঃ শাহিন আলী অভিযোগ করেন, চলমান বিরোধের জেরে ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে চাচাতো ভাইরা তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেদম মারধর করা হয় এবং তার বাবা চেরাগ আলী এগিয়ে গেলে তাকেও মারধর করে। ঘটনাটি নিয়ে তিনি নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন এবং আদালতে ছয়জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন।তিনি জানান, মামলা করার পর থেকেই আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে আসছে। প্রাণভয়ে তিনি গত চার বছর ধরে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। মোঃ শাহিন আলীর দাবি, তার চাচাতো ভাইরা আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা অমান্য করে বিরোধীয় জমিতে নতুন ঘর নির্মাণ করছে। এমনকি জাল দলিলের মাধ্যমে মাঠের আরও জমি দখলও করে নিয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় গ্রামের কেউ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস পাচ্ছে না। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা মেলে না বলেও তিনি অভিযোগ করেন। সর্বশেষ মোঃ শাহিন আলী বিদেশে জাওয়ার পর রোববার (৩০ নভেম্বর) দুপুরে পীরআলী গং শাহিনকে না পেয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাংচুর করে। এতে গুরুতর আহত চেরাগ আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চেরাগ আলীসহ পুরো পরিবার বাড়িছাড়া হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। অত্যন্ত হতাশা প্রকাশ করে মোঃ শাহিন আলী বলেন, আমি শুধু আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে চাই। ন্যায়বিচারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/আরএম
Leave a Reply