হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ করে ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকা পড়ে এবং সকাল ১০টা থেকে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি নড়বড়ে অবস্থায় ছিল। ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে বারবার ক্ষতিগ্রস্ত হলেও সড়ক বিভাগ জোড়াতালি দিয়েই ব্যবহার উপযোগী রেখেছিল। এ অবস্থায় আজ সকালে অতিরিক্ত ভারে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়ে বলে জানান তারা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের জন্য রেকার আনা হয়েছে। ব্রিজের ওপর ট্রাক আটকা থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।”
এদিকে ব্রিজের দুই পাশে আটকা পড়ে রয়েছে অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, “শুক্রবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই ট্রাকটি বানিয়াচংয়ের দিকে যাওয়ার সময় ব্রিজের ওপর বসে যায়। এতে ব্রিজের পাঁচটি ব্রেকার ও দুটি ট্রানজিন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকার দিয়ে ট্রাকটি সরানো হলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হবে।
ব্রিজটি মেরামত না হওয়া পর্যন্ত কতদিন যান চলাচল বন্ধ থাকবে—এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি সওজ বিভাগ। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply