স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে; কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। নিহত জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। ঘটনার কারণ এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান শনিবার রাত ৮টার দিকে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Leave a Reply