মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের মনতৈল রইছ আলীর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাছিমা উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল কলাবাড়ি এলাকার মকবুল আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- নাসিমা বেগম তার এক ছেলেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে কালিনগর গ্রামে জনৈক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।সেখান থেকে বাড়ি যাবার জন্য বিকেলে রইছ আলীর কালভার্ট এর নিকট এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন।তখন দ্রুতগামী একটি প্রাইভেটকার এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
Leave a Reply