সিলেট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক অভিযানে ১৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গরু ও পাতার বিড়িসহ একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আমলশীদ বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার টাকা।
এছাড়াও বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়।এসব মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।
সব মিলিয়ে অভিযানে আটককৃত মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, আটককৃত আসামি ও ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply