জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্যসহ মতিন মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মতিন মোল্লা গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি পর্যটকবাহী হাইয়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাশি করে।তল্লাশিকালে গাড়িটি থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০ বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাল, ৬৫০ পিস ডেইরি মিল্ক চকলেট এবং ৫০০ পিস সাফারি চকলেট।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply