সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার বন্ধ থাকা পাথর কোয়ারি ও বালুমহাল চালুর বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, সারী নদীর লালাখাল সারী-৩ বালুমহালের আইনি জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শ্রীপুরসহ জেলার অন্যান্য পাথর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়টি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বদরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) আব্দুল্লাহ আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম লস্কর ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।
সভায় মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। পাশাপাশি স্থায়ী সিএনজি স্টেশন ও দরবস্ত এলাকায় একটি মিনি ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
পাহাড় কাটা ও জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে পরিবেশ অধিদপ্তরকে অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।একই সঙ্গে মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী বিভিন্ন মাদ্রাসায় আর্থিক অনুদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেন।
Leave a Reply