সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৪ লাখ ২৫ হাজার ২৫০ টাকার ভারতীয় পেঁয়াজসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার গোয়াইনঘাট থানার কাঁঠালবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ নাইম আহমদ (২৫) ও বিশ্বনাথ থানার তবলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২৬)।
পুলিশ জানায়,শনিবার রাত সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানার এসআই (নিঃ) চন্দন কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন বাদাঘাট-তেমুখিগামী রোডস্থ শাহ খুররম ডিগ্রী কলেজ এর সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিনটি পিকআপ গাড়ি আটক করা হয়।পরে তল্লাশি করে তিনটি পিকআপ থেকে ১০৫ বস্তায় ৪ হাজার ৭২৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply