নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে দিনারপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। বিশেষ করে প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে থাকায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজমান। তাই নিরাপদ পারাপার নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা সময়ের দাবি বলে তারা জোরালোভাবে তুলে ধরেন।
মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
Leave a Reply