সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)।তারা দুজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে সাইকেল নিয়ে খেলছিল।খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশের পুকুরের ধারে যায়।সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায় তারা।পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী ইব্রাহীম আলী নামের এক ব্যক্তি পুকুরে শিশুদের ভাসতে দেখতে পেয়ে চিৎকার করেন।পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
Leave a Reply