সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মোঃ রাসেল মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত রাসেল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মৃত ইমাম উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে র্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার একটি টিনশেড ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে র্যাব-৯ এর আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ রাসেল মিয়াকে আটক করা হয় এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে টিনশেড ঘরের ভিতর থেকে একটি খাকী রংয়ের কাগজের কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন যে,তিনি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদসহ তাঁকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply