সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৪৫ বোতল বিদেশি মদ ও ২১ বোতল বিয়ারসহ মো. তোফাজ্জল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. তোফাজ্জল হোসেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার চেঙ্গিলা এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় র্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের ডলুরা এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে র্যাব-৯ এর আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল বিদেশি ও ২১ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে,তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদ ও বিয়ারসহ তাঁকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply