সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)।
পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুর রহিম জীবান শনিবার সকালে ডিউটি পালনকালে গোপন তথ্য পান যে,বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে।এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।এ সময় অন্য মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মামুন ও উবায়দুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন জানান,এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক অন্য দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply