মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে ফার্মেসির সামনের প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান ফুল উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা এবং উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির স্বত্ত্বাধিকারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাইফুর রহমান নিজের ফার্মেসির সামনে প্রধান সড়ক পার হচ্ছিলেন।এ সময় তিন আরোহী নিয়ে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply