বার্তা ডেস্ক :: গাইবান্ধা সদর উপজেলায় খেলার সময় খালের পানিতে ডুবে অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনুরুদ্ধ চন্দ্র চুনিয়াকান্দি গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য সানা মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল অনুরুদ্ধ ও অপূর্ব। খেলার একপর্যায়ে তারা বোতলে পানি আনতে মন্দির সংলগ্ন খালের দিকে যায়।
এদিকে অন্য শিশুরা খেলা শেষে নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও দীর্ঘ সময় ধরে অনুরুদ্ধ ও অপূর্ব বাড়িতে না ফেরায় তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সহপাঠীদের কাছ থেকে জানতে পারে, তারা খালে গেছে। এরপর স্বজনরা খালে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply