বার্তা ডেস্ক :: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাউছার হোসেন (১১)। নোয়াখালীর হাতিয়ায় দুলাল মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে কাউছার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার ৪ জন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল।এ সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা ছাত্রদের ওপর ওঠে যায়।এতে ঘটনাস্থলেই ফখরুল ও কাউছার মারা যায় ও আহত হন আরও দুইজন।পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও দুইজন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply