সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ১৯৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার রাত ২টা ৪০ মিনিটের দিকে র্যাব-৯ ও সিপিসি-৩–এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার সলুকাবাদস্থ চেংবিল এলাকার শিম বাগানের ভেতর কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।পরে র্যাব ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দু’টি হালকা বাদামি রঙের প্লাস্টিকের ব্যাগ এবং একটি সাদা রঙের কার্টুন বাক্স থেকে মোট ১৯৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
র্যাবের ধারণা,পলাতক আসামিরা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে মজুদ করে রেখেছিল।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশি মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply