সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার ও পশু জবাই আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ছাতক বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে জনপ্রিয় ‘পাকঘর রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে বিধিবহির্ভূত কার্যক্রমের দায়ে ‘রয়েল স্ন্যাকবার’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ লঙ্ঘনের দায়ে একটি মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান ও নিত্যপণ্যের আড়তে তদারকি চালায়।অধিকাংশ দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন তিনি।
Leave a Reply