জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলা ও গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার সিনাতপুর গ্রামের গৌলছ মিয়ার ছেলে আলমগীর মিয়া (২২) ও জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের আতাউর রহমানের ছেলে শাহরিয়ান (২১)।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে আলমগীর মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অন্যদিকে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক মাদকসেবী শাহরিয়ানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন,’দণ্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply