সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু মারওয়ান আহমদ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের ছেলে।সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শিশু শিক্ষার্থী মারওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু শিক্ষার্থী মারওয়ানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
Leave a Reply