গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ ৮ জনকে আটক করা হয়েছে।এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মীরকুটির এলাকার শাওন আহমদ, আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের মো. সুমন মোল্লা, মো. স্বপন মোল্লা ও মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণীশংকেল এলাকার মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মো. রুবেল সরকার এবং গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের জুয়েল আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজসংলগ্ন এলাকায় গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫) ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২) থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশিতে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাক।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply