সিলেট প্রতিনিধি : সিলেটের মোগলাবাজারে র্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ শানু দাস (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শানু দাস সিলেট নগরীর এয়ারপোর্ট থানার লাখাতুরা এলাকার মধু দাসের ছেলে।
র্যাব-৯ সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯,সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের শেখপাড়া এলাকায় অভিযান চালায়।এ সময় একটি পুকুরপাড়ে মাদক লেনদেনের উদ্দেশ্যে অবস্থান করা কয়েকজনকে শনাক্ত করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।অপরজন কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে সঙ্গে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাসের ভেতর থেকে ১৯টি পোটলায় নীল পলিথিনের উপর টেপ দ্বারা মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় মাইক্রোবাসসহ তাঁকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে,তিনি সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply